
রাজশাহী গোদাগাড়ীতে প্রাইভেট কারে তল্লাশি ২ বিদেশী পিস্তল ও ৫৩ রাউন্ড গুলি নারীসহ গ্রেফতার ২।
শাহাদাত হোসেন
রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার রাজাবাড়ি হাট চেকপোস্টের সামনে থেকে একটি প্রাইভেট কার তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং অস্ত্র বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়া জেলা সদর থানার বটতৈল গ্রামের মৃত ফয়েজ উদ্দিন শেখের ছেলে মোঃ দোলাল ইসলাম ওরফে দুলাল (৩৬) এবং একই গ্রামের মোঃ রিয়াজের স্ত্রী মোসাঃ সানজিদা আকতার শিমু (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুর ২টা থেকে গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. মাকছুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাজাবাড়ি হাট চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সূত্রে খবর আসে, চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে একটি প্রাইভেট কারযোগে (ঢাকা মেট্রো-গ-১৯-১৫১৭) দুই ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে রাজশাহী শহরের দিকে যাচ্ছেন।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মোঃ আব্দুস ছালামের নেতৃত্বে বিকেল সাড়ে ৩টার দিকে ওই চেকপোস্টে কড়া নজরদারি শুরু করে পুলিশ।
পরে সন্দেহভাজন প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি চালানো হয়। বিকেল পৌনে ৪টার দিকে কারটির ডিকির ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সাথে জব্দ করা হয় অস্ত্র বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।