
শাকিল আহমেদ: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের আর্থিক সহায়তা ও খাদ্যশস্য বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি এবং অর্থ আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকরা মানববন্ধনে অংশ নিয়ে অভিযোগ করেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে হাওর অঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি পানিতে তলিয়ে যায়। এতে বহু কৃষক ফসলহানির শিকার হয়ে আর্থিক সংকটে পড়েন। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে সরকার প্রতি কৃষককে ৬ হাজার টাকা এবং ৩০ কেজি চাল দেওয়ার উদ্যোগ গ্রহণ করে।
তবে মানববন্ধনে অংশ নেওয়া কৃষকদের দাবি, সরকারি এই সহায়তা বিতরণে নানা ধরনের অনিয়ম হয়েছে। তাদের অভিযোগ, উপজেলার ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সজল কুমার ঘোষ সহায়তা প্রদানের বিনিময়ে প্রতি কৃষকের কাছ থেকে এক হাজার টাকা করে দাবি করেছেন। যেসব কৃষক এই টাকা দিতে পারেননি, তাদের অনেকেই সরকারি সহায়তার তালিকায় স্থান পাননি কিংবা বরাদ্দকৃত অর্থ ও চাল থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী কৃষকদের আরও অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তদের পরিবর্তে স্বজনপ্রীতির মাধ্যমে একই পরিবারের তিন থেকে চারজন সদস্যের নামে সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে অনেক প্রকৃত কৃষক, যারা বাস্তবিক অর্থেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কোনো ধরনের সরকারি সহায়তা পাননি।
মানববন্ধনে বক্তারা বলেন, “সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। কিন্তু মাঠপর্যায়ে কিছু অসাধু ব্যক্তি ও জনপ্রতিনিধির কারণে প্রকৃত কৃষকরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
তারা আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন ও সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না হলে ভবিষ্যতেও প্রকৃত কৃষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সজল কুমার ঘোষের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।