
উত্তরায় ডেভেলপার প্রতিষ্ঠানের আড়ালে ৪০০ কোটি টাকার প্রতারণা, মূলহোতা আকতার গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় ডেভেলপার প্রতিষ্ঠানের আড়ালে কয়েকশ কোটি টাকার প্রতারণা ও অর্থ আত্মসাৎ চক্রের মূলহোতা মো. আকতার হোসেন সোহেল (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১।
র্যাব জানায়, আকতার “ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড” নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠান গড়ে গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন মেয়াদের ‘ডাবল স্কিম’ দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়। প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থে সে বিলাসবহুল জীবনযাপন ও বিপুল সম্পদের মালিক বনে যায়।
গ্রেফতার আকতার হোসেন সোহেল ব্রাইট ফিউচার হোল্ডিং লি.-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। ইতিমধ্যে তার নামে আশুলিয়া এলাকায় প্রায় ১৬২ বিঘা জমি চিহ্নিত করেছে র্যাব।
রাজধানীর উত্তরার ৩ ও ৭ নম্বর সেক্টরে প্রতিষ্ঠানটির অফিস পরিচালনা করতেন আকতার। র্যাবের অনুসন্ধানে জানা যায়, ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক প্রতিষ্ঠান খুলে সে দীর্ঘদিন ধরে ভয়াবহ প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আকতার হোসেন সোহেল রংপুর জেলার কাউনিয়া থানার ভল্লব বিষু গ্রামের সাইদুর রহমানের ছেলে।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে এবং প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।