
সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র বিতরণের গুজব: আরএমপির সতর্কবার্তা
মোঃ শাহাদাত হোসেন
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রকাশ্যে অস্ত্র বিতরণের ভিডিওটি সম্পূর্ণ গুজব ও মিথ্যা তথ্য।
অদ্য (১৬ অক্টোবর ২০২৫) রাকসু নির্বাচনের দিনে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার একটি বাগানের ভেতর কিছু লোকের অবস্থানরত একটি অস্পষ্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দাবি করা হয় যে, “একটি রাজনৈতিক দলের লোকজন বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে প্রকাশ্যে অস্ত্র বিতরণ করছে।”
বিষয়টি নজরে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখে, বিভিন্ন দলের সমর্থক ও স্থানীয় উৎসুক লোকজন বাগানের পায়ে হাঁটা পথে ঘুরাফেরা করছে, গাছের ছায়ায় বসে আড্ডা দিচ্ছে এবং খাওয়া-দাওয়া করছে। ঘটনাস্থলের অদূরেই পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের অবস্থান ছিল।
আরএমপি বলেছে, এমন একটি উন্মুক্ত স্থানে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে অস্ত্র বিতরণের ঘটনা ঘটার কোনো প্রশ্নই আসে না।
একটি মহল ইচ্ছাকৃতভাবে উৎসুক লোকজনের আড্ডা ও খাওয়ার দৃশ্য দূর থেকে ধারণ করে তা অস্ত্র বিতরণের নামে গুজব হিসেবে প্রচার করছে, যাতে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানো যায়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে গুজব ও মিথ্যা তথ্য প্রচার, পোস্ট, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আরএমপি স্পষ্ট করে জানিয়েছে, এই ধরনের গুজবমূলক কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।