
নাটোরে জমি দখল নিয়ে সংঘর্ষের আশঙ্কা, প্রাণনাশের হুমকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁমটানামো পাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় এক পরিবারকে প্রাণনাশের হুমকি ও গালি গালাজের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. জালাল আলী খান (৪১) গত বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বড়াইগ্রাম থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অভিযোগকারী মো. জালাল আলী খান, পিতা মো. আনছার আলী খান, একই এলাকার মো. রুস্তম আলী (৪২), মো. জিল্লু (৫০) ও মো. কামাল (৫০)-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভোগদখলীয় জমি নিয়ে বিরোধে জড়িয়ে আছেন। এই জমিটি বড়াইগ্রাম উপজেলার চাঁমটা নামো পাড়া এলাকায় অবস্থিত।
জালাল আলীর দাবি, গত ১২ আগস্ট ২০২৫ ইং, সকাল সাড়ে ৮টার দিকে তিনি ও তার পরিবার ভোগদখলীয় জমির দক্ষিণ পূর্ব পাশে বেড়া দেওয়ার কাজে গেলে বিবাদীপক্ষ সেখানে উপস্থিত হয়ে বাঁধা দেয়। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগে বলা হয়, বিবাদীদের একজন প্রকাশ্যে বলেন — “জমিতে গেলে তোকে আমরা মেরে ফেলব।”
অভিযোগকারী জানান, বিবাদীরা স্থানীয় প্রভাব খাটিয়ে তাদের জমি জোরপূর্বক দখল করে রাখতে চাইছে। তিনি আশঙ্কা করছেন, যেকোনো সময় তারা তার ও তার পরিবারের উপর হামলা চালাতে পারে।
এ বিষয়ে ভুক্তভোগী মো. জালাল আলী খান বলেন,
“আমরা বহু বছর ধরে এই জমিতে ভোগদখল করে আসছি। অথচ বিবাদীপক্ষ আমাদের ভয়ভীতি দেখিয়ে জমি থেকে উচ্ছেদ করতে চাইছে। আমি এবং আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
বড়াইগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) আকারে নথিভুক্ত করা হয়েছে (জিডি নং: ৬২২, তারিখ: ১৪/০৮/২০২৫) এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।