
তাড়াশে জনতার হাতে চোর আটক
আরিফুল ইসলাম,
তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের বাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে চোর আটক।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালের দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর গ্রামের সানোয়ার হোসেনের বাড়িতে। আটককৃত চোর নয়ন ইসলাম (১৮) উপজেলার বস্তুল গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিনোদপুর গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে লোকজন না থাকায় গেটের তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে চোর। ইতোমধ্যে সানোয়ার হোসেন বাড়িতে এসে দেখে বাড়ির বাহিরের গেটের তালা খোলা, ভিতরে শব্দ হচ্ছে। চোর ঢুকছে বুঝতে পেরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে চোর দৌড়ে পালানোর চেষ্টা করলে পিছনে ধাওয়া করে স্থানীয় লোকজন চোরকে আটক করে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। তারপর পুলিশকে খবর দিলে তারা এসে চোরকে থানায় নিয়ে যায়।
সানোয়ার হোসেন জানায়, চোরকে আটক করে পুলিশে দিয়েছি। তাকে কোন নির্যাতন বা মারপিট করা হয়নি। চুরি করার অপরাধে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান জানান, চুরির অপরাধে আটককৃত চোরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।