
সাভারে কথিত সাংবাদিক খামচি মানিকের বিরুদ্ধে জমি দখল, মিথ্যা মামলা ও হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল।
মোঃ শাহ আলম সরকার
স্টাফ রিপোর্টার।
সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পতিত সরকারের উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের একান্ত সহযোগী কথিত সাংবাদিক মেহেদী হাসান মানিক ওরফে খামচি মানিক এর বিরুদ্ধে জমি দখল, মিথ্যা মামলা ও হামলার গুরুতর অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, খামচি মানিক দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের সম্পত্তি দখল করে আসছে। জমির মালিকরা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় এবং ভাড়া করা সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালানো হয়। এতে অনেক পরিবার আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন,
“আমাদের বাপ-দাদার জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। প্রতিবাদ করলে মামলা দিয়ে হয়রানি করছে, আবার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”
এলাকার একাধিক সূত্র জানায়, খামচি মানিক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে স্থানীয়ভাবে প্রভাব খাটালেও প্রকৃতপক্ষে তিনি ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থেকে ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষ ও সাংবাদিকদের বিরুদ্ধেও তিনি অপপ্রচার চালিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকার কারণেই খামচি মানিকের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে। তারা অবিলম্বে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
একজন প্রবীণ স্থানীয় বাসিন্দা বলেন,
“আমরা শান্তিতে থাকতে চাই। জমি দখল, হামলা আর মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে। প্রশাসন ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
প্রসঙ্গত, খামচি মানিকের বিরুদ্ধে এর আগেও সাংবাদিক হয়রানি, অপপ্রচার ও রাজনৈতিক নেতাদের চরিত্র হননের অভিযোগ উঠেছিল। তবে এবার সরাসরি জমি দখল ও হামলার অভিযোগে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।