
রাজশাহীতে বিয়ের প্রলোভনে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার
মোঃ শাহাদাত হোসেন
রাজশাহী ব্যুরো প্রতিনিধিঃ
রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নার্সকে ধর্ষণের অভিযোগে আহসান হাবীব (৩২) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সীমান্তপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে এবং রাজশাহীর আল আরাফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ওসি (তদন্ত) আব্দুল আলীম।
পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে আহসান হাবীবের সঙ্গে ওই নার্সের পরিচয় হয়। অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় ভুক্তভোগী নারী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ছয় মাস আগে চিকিৎসক বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে রাজশাহীতে নিয়ে আসেন এবং বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন।
সর্বশেষ গত ৯ অক্টোবর রাতে রাজশাহীর লক্ষ্মীপুর মোড়ে অবস্থিত আল আরাফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে ওই নার্সকে ধর্ষণ করেন বলে অভিযোগে জানা গেছে। এরপর থেকে চিকিৎসক আহসান হাবীব ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
পরে জানা যায়, চিকিৎসক আহসান হাবীব পারিবারিকভাবে অন্য এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিষয়টি জানার পর ৯ অক্টোবর ভুক্তভোগী ওই নার্স তার সঙ্গে দেখা করতে গেলে আবারও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২৩ অক্টোবর রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
আল আরাফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রাজপাড়া থানার ওসি (তদন্ত) আব্দুল আলীম বলেন, “ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।”