
বিকেলে হঠাৎ রক্তক্ষয়: ফরিদপুরে নকশাল নেতাকে হত্যা
নিজস্ব প্রতিনিধি :
পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক চরমপন্থি নেতাকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মঙ্গলগ্রাম বাজারে মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মতিন (৪৬) ছিলেন পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীকোল বটতলা এলাকার আজিমুদ্দিন বিশ্বাসের ছেলে এবং নিষিদ্ধ চরমপন্থি গ্রুপ ‘নকশাল’-এর নেতা।
ফরিদপুর থানার ওসি শাকিউল আজম জানান, ‘নকশাল’ গ্রুপের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বিকালে প্রতিপক্ষের কিছু ব্যক্তি মোটরসাইকেলে এসে মতিনকে গুলি করে ও ধারালো অস্ত্রে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মৃত্যু হয়।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকারী কারা, তা এখনও শনাক্ত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার নিয়েই হত্যাকাণ্ডটি ঘটেছে।