
প্রবীণরা আমাদের পরিবারের ভিত্তি ও পথপ্রদর্শক—স্বাস্থ্য সেবায় সম্মান ও যত্ন নিশ্চিত করতে হবে: সাইদুর রহমান
মোঃ সুজন মাহমুদ ভ্রাম্যমাণ প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, প্রবীণরা আমাদের পরিবারের ভিত্তি এবং সমাজের পথপ্রদর্শক। তাই তাদের স্বাস্থ্য সেবায় সর্বোচ্চ সম্মান ও মানবিক যত্ন নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, বার্ধক্যে প্রবীণরা শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিকভাবে বেশি নির্ভরশীল হয়ে পড়েন। পরিবারে তাদের পাশে থেকে একাকিত্ব দূর করা যেমন জরুরি, তেমনি হাসপাতালে চিকিৎসা নিতে এলে দরদ ও সহমর্মিতার সঙ্গে সেবা দেওয়া আবশ্যক। এটি শুধু পেশাগত দায়িত্ব নয়, বরং একটি অমূল্য ইবাদত।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় নাটোর নার্সিং ইনস্টিটিউট হলরুমে ‘প্রবীণ মানসিক স্বাস্থ্য ও সার্ভিস রুলস’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীনের সভাপতিত্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল আহসান এবং স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. গোলাম কিবরিয়া।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব নবনির্মিত নাটোর নার্সিং ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, অচিরেই নার্সিং ডিপ্লোমা শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে এখানে নার্সিং কলেজ চালুর উদ্যোগ নেওয়া হবে।
এর আগে তিনি ২৫০ শয্যার নাটোর আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় সচিব জানান, নতুন জনবল নিয়োগের মাধ্যমে সদর হাসপাতালে চার শয্যার আইসিইউ ইউনিট চালু করা হবে। পাশাপাশি কিডনি ইউনিটে ডায়ালোসিস কার্যক্রম এবং কার্ডিওলজিস্ট নিয়োগের মাধ্যমে সিসিইউ ইউনিট দ্রুত চালু করার পরিকল্পনা রয়েছে।