
আত্রাইয়ে নাহার গার্ডেনে অগ্নিকাণ্ড, আতঙ্কে স্থানীয়রা
মোঃ এখলাস হোসাইন নওগাঁ আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার শেখ কমপ্লেক্সের নাহার গার্ডেনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ কমপ্লেক্সের একটি এটিএম বুথের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।
ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে অন্য কোনো দোকানে আগুন ছড়িয়ে পড়েনি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে আশপাশের দোকানপাটসহ পুরো মার্কেট বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়তে পারত। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপ ও স্থানীয়দের সহযোগিতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
এদিকে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।