
বালিয়াকান্দি উপজেলা-তে কৃষকের ২০ শতাংশ জমির পেঁয়াজ গাছ কেটে দেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর ইসলামপুর ইউনিয়ন-এর তেনাই গ্রামে রাতের আঁধারে এক কৃষকের পেঁয়াজ ক্ষেত কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বালিয়াকান্দি থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক হাসান আলী তপেদার।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নিজের ২৪ শতাংশ জমিতে হাইব্রিড জাতের হালি পেঁয়াজ আবাদ করেছিলেন তিনি। এর মধ্যে প্রায় ২০ শতাংশ জমির পেঁয়াজ গাছ কেটে ফেলা হয়েছে। কৃষক হাসান আলী তপেদার বলেন, এ ক্ষেতই ছিল তার পরিবারের প্রধান ভরসা। উৎপাদন ভালো হলে অন্তত ৮০ মণ পেঁয়াজ পাওয়ার আশা করেছিলেন তিনি। সেই অর্থ দিয়ে সংসারের খরচ ও দেনা পরিশোধের পরিকল্পনা ছিল।
তিনি জানান, ২৩ ফেব্রুয়ারি সারাদিন স্ত্রী নুরজাহান বেগমকে সঙ্গে নিয়ে ক্ষেতের পরিচর্যা করেন। তখন পেঁয়াজ গাছগুলো ছিল সবুজ ও সতেজ। কিন্তু ২৪ ফেব্রুয়ারি সকালে ক্ষেতে গিয়ে তারা দেখতে পান অধিকাংশ গাছ কেটে ফেলা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে থানা পুলিশ।