
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সপ্তাহ উদ্বোধন
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীতে সড়ক শৃঙ্খলা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে ট্রাফিক সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে।
রোববার সকালে আরএমপি সদর দপ্তরের সামনে ফেস্টুন ও বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করেন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান। এ বছর ট্রাফিক সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো- “সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী গড়ুন।”
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। ট্রাফিক সপ্তাহ সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমানসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, ট্রাফিক সপ্তাহের আওতায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, মনিচত্বর, লক্ষ্মীপুর মোড়, গৌরহাঙ্গা এবং ভদ্রার মোড় -এই পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করা হবে। এসব স্থানে অতিরিক্ত ৮০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন, যারা যান চলাচল নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগে সহায়তা করবেন।এছাড়া ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে রোভার স্কাউট, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট ও “নিরাপদ সড়ক চাই” সংগঠনের সদস্যরা সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
ট্রাফিক সপ্তাহের কার্যক্রমের মধ্যে রয়েছে, যানবাহনের লাইসেন্স ও ফিটনেস যাচাই, হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ, পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতনকরণ, লিফলেট বিতরণ, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।