
রাজশাহী মহানগরীতে ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেপ্তার
রাজশাহী প্রতিনিধি:
শাহাদাত হোসেন
রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে ৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মুন্না (৪৮), মো. শামীম (২৮), মো. সাগর শেখ (৪২), শ্রী মিলন সরকার (৩৭) ও মো. মাহাবুল ইসলাম (৩৬)। তারা সকলেই রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
জানা গেছে, সোমবার রাত্রীকালীন টহল ডিউটির সময় ডিবি পুলিশের একটি টিমের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিল ভূবন মোহন পার্ক এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বোয়ালিয়া মডেল থানার ভূবন মোহন পার্ক এলাকার গণ-শৌচাগারের দ্বিতীয় তলার একটি কক্ষে কয়েকজন ব্যক্তি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
পরে রাত আনুমানিক ১১টার দিকে ডিবি পুলিশের টিম সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে হাতে-নাতে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে জুয়ার তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।