
টঙ্গী-জয়দেবপুর সড়কে অবৈধ স্থাপনা: সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি
মোঃ মাহবুব আলম জুয়েল
নিজস্ব প্রতিনিধি:
টঙ্গী থেকে জয়দেবপুর অভিমুখী সড়কের পূর্ব পাশে, বনমালা রেল লাইনের পূর্বাংশে এবং একটি মাজারের উত্তর পাশে, সড়কের ওপর অবৈধভাবে একটি আধা-পাকা দোকান নির্মাণ করা হয়েছে। এ নির্মাণ কাজ সম্পূর্ণভাবে রাস্তার জায়গা দখল করে করা হয়েছে, যা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং নগর ব্যবস্থাপনার এক চরম ব্যর্থতা প্রকাশ করছে।
স্থানীয় ৪৮ নম্বর ওয়ার্ডের সচিব রাকিবের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি ইতিমধ্যে সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগের শামীম সাহেবকে জানানো হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য, এখনও পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রতিদিন অসংখ্য সিটি কর্পোরেশন কর্মকর্তা টঙ্গী থেকে জয়দেবপুরে চলাচল করেন, কিন্তু কারও দৃষ্টিতে এই অবৈধ স্থাপনাটি পড়ছে না – এটি সাধারণ মানুষের মনে প্রশ্নের জন্ম দিয়েছে।
এই রকম উদাসীনতা যদি চলতে থাকে, তবে ভবিষ্যতে আরো মানুষ এইভাবে সড়ক দখল করে স্থাপনা গড়ে তুলবে। এতে একদিকে যেমন যানজট বৃদ্ধি পাবে, অন্যদিকে নাগরিক জীবনে ভোগান্তির মাত্রা পৌঁছাবে চরমে। নগর পরিকল্পনা ও সড়ক ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অবহেলা না করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, টঙ্গী-জয়দেবপুর সড়কের এই অবৈধ স্থাপনার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করুন এবং ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত স্থাপন করুন।
—একজন সচেতন নাগরিক
(নাম প্রকাশে অনিচ্ছুক)