
নাটোরের লালপুরে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে উদ্ধার, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও পুলিশ
সুরুজ আলী,
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া এলাকায় এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা। বুধবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. আলতাব হোসেন (২৬), পিতা: মৃত বিল্লাল মোল্লা, এলাকার এক শিশুকে লামিয়া আক্তার (১০), পিতা: মো. জামিরুল ইসলাম যৌন নির্যাতনের চেষ্টা করেন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত সাড়া দিয়ে অভিযুক্তকে আটক করেন এবং উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিতে উদ্যত হন।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে জনতার উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তারা প্রথমে অভিযুক্তকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে লালপুর সেনা ক্যাম্প থেকে একটি টহল দল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছান।
সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরবর্তীতে অভিযুক্তকে নিরাপত্তার সাথে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বর্তমানে শিশুটি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, ঘটনাটির বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং অভিযুক্তকে হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় এখন পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।