
আত্রাইয়ে শুরু হয়েছে ধান কাটার মৌসুম, কৃষকের মুখে হাসি
মোঃ এখলাস হোসাইন
নওগাঁ প্রতিনিধি:
১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (২৪ এপ্রিল ২০২৬) থেকে নওগাঁর আত্রাই উপজেলায় শুরু হয়েছে ধান কাটার মৌসুম। উপজেলার পালসা মাঠসহ বিভিন্ন বিলজুড়ে এখন পুরোদমে চলছে ধান কাটা। এতে কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আগাম জাতের ধান কাটা শুরু হয়। তবে কিছু জমির ধান এখনও পুরোপুরি না পাকায় এবং সম্ভাব্য ঝড়-বৃষ্টির আশঙ্কায় কৃষকরা দ্রুত ধান ঘরে তোলার চেষ্টা করছেন।
এলাকায় জিরাশাইল, ব্রি ধান-৯০, ব্রি ধান-৯২ ও কাটারিভোগসহ বিভিন্ন জাতের ধান কাটা হচ্ছে। কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে ফলন ভালো হয়েছে। তবে সার, জ্বালানি, বিদ্যুৎ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
ধান কাটার ব্যস্ততায় আত্রাই উপজেলার মাঠগুলো এখন কর্মচাঞ্চল্যে ভরপুর। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর জেলায় প্রায় ১ লাখ ৯১ হাজার ৪২৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১২ লাখ ৮৫ হাজার ২১৫ টন।
স্থানীয় গৃহস্থরা জানান, প্রতি মৌসুমে রংপুর, গাইবান্ধা, নাটোর ও রাজশাহীর আড়ানীসহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা ধান কাটতে আত্রাইয়ে আসেন। এতে ধান দ্রুত গুদামজাত ও বাজারজাত করা সহজ হয়।
তবে কৃষকদের দাবি, এলাকার রাস্তা-ঘাট ও সুইসগেট দ্রুত মেরামত করা হলে তারা আরও কম ক্ষতিতে উৎপাদন করতে পারবেন।