নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: পাকস্থলি থেকে উদ্ধার ৩২০০ পিস ইয়াবা
নোয়াখালী প্রতিনিধি ॥
নোয়াখালীর নেতৃত্বে সুধারাম মডেল থানার একটি চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার রাত ৭টা ৩০ মিনিটের দিকে নোয়াখালী জেলা স্কুলের মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মতিউর রহমান (৪৫)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মতিউর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে চট্টগ্রাম জেলার চন্দ্রনাইশ থানাধীন দোহাজারি এলাকা থেকে বিশেষ কৌশলে তার পেটের ভিতরে ইয়াবা ভর্তি প্যাকেট বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে নোয়াখালী আসে।
পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তাকে নোয়াখালীর মর্ডান হাসপাতালে নিয়ে এক্সরে করলে পাকস্থলিতে ডিম্বাকার বস্তুর অস্তিত্ব ধরা পড়ে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সহায়তায় তাকে মলত্যাগ করিয়ে ৬৪টি ডিম্বাকার আকৃতির প্যাকেট উদ্ধার করা হয়, যার প্রত্যেকটিতে ৫০ পিস করে মোট ৩,২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
জানা গেছে, গ্রেফতারকৃত মতিউর রহমানের বিরুদ্ধে চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায় মোট ৫টি মাদক মামলা রয়েছে। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা এলাকার আফতাব উদ্দিন মাওলানার মৃত পুত্র এবং বর্তমানে চট্টগ্রাম জেলার চন্দ্রনাইশ উপজেলার দোহাজারি রেলস্টেশনের পূর্ব পাশে বসবাস করছিলেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।