মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের দাবি: প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
মোঃ এখলাস হোসাইন
নওগাঁ আত্রাই প্রতিনিধি:
সারা দেশের মেডিক্যাল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের অবহেলা ও সংকটের বিষয়টি আবারও সামনে এসেছে। স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ এই খাতের পেশাজীবীরা জানিয়েছেন, তাদের যথাযথ নিয়োগ ও কার্যকর ব্যবস্থাপনার অভাবে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, সকালে মেডিক্যাল টেকনোলজিস্টরা নিয়মিত বিভিন্ন ল্যাব পরীক্ষা পরিচালনা করলেও বিকেল শিফটে তাদের অনুপস্থিতির কারণে জরুরি বিভাগের রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা বাইরে থেকে করাতে হচ্ছে। এতে যেমন সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সাধারণ মানুষকে অতিরিক্ত খরচ ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
একজন মেডিক্যাল টেকনোলজিস্ট জানান, বিকেল শিফটে নিয়োগ নিশ্চিত করা হলে রোগীরা সহজেই কম খরচে প্রয়োজনীয় পরীক্ষা করতে পারবেন এবং চিকিৎসা সেবাও হবে দ্রুত ও কার্যকর।
মেডিক্যাল টেকনোলজিস্টরা মূলত রোগ নির্ণয়ের জন্য রক্ত, টিস্যু ও বিভিন্ন শারীরিক তরল বিশ্লেষণ করে থাকেন। তারা প্যাথলজি, ল্যাবরেটরি মেডিসিন, ডেন্টাল, ফার্মেসি, ফিজিওথেরাপি এবং রেডিওলজি ও ইমেজিংসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, একটি উন্নত স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসক, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টের আদর্শ অনুপাত ১:৩:৫ হওয়া প্রয়োজন।
এছাড়া, মেডিক্যাল টেকনোলজিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা এবং বিএসসি ডিগ্রিধারীদের যথাযথ পদমর্যাদা প্রদানের দাবিও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাদের আরও দাবি, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে অদক্ষ ও নন-টেকনোলজিস্টদের দিয়ে পরীক্ষা কার্যক্রম পরিচালনা বন্ধ করতে হবে এবং সরকারি হাসপাতালগুলোতে সার্বক্ষণিক পরীক্ষা চালুর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এই প্রেক্ষিতে, মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানিয়েছেন মেডিক্যাল টেকনোলজিস্টরা।