বড়াইগ্রামে পৌর মহিলা প্রীতি ফুটবল ম্যাচে সিরাজগঞ্জের জয়
মোঃ সুজন মাহমুদ
ভ্রাম্যমাণ প্রতিনিধি।
নিজস্ব প্রতিবেদক: আজ ২৬ অক্টোবর রোজ, রবিবার বিকেলে ৩ ঘটিকায়, নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত পৌর মহিলা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ এ বগুড়া জেলাকে পরাজিত করে সিরাজগঞ্জ জেলা জয়লাভ করেছে। বড়াইগ্রাম পৌরসভা ও বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই খেলায় সিরাজগঞ্জ দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি ১-০ গোলেই শেষ হয়। খেলার নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সিরাজগঞ্জ দল।
এই খেলাকে কেন্দ্র করে গ্যালারিতে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে।
উপস্থিত দর্শকদের মধ্যে ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারোয়ার হোসেন এবং বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোঃ ইসাহাক আলী। এছাড়াও, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ খেলা উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন,
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে। আমরা চাই এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণরা ক্রীড়াঙ্গনে ফিরে আসুক।" তিনি বিজয়ী সিরাজগঞ্জ দলকে অভিনন্দন জানান এবং চূড়ান্ত পর্বেও তাদের শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত করেন।