টঙ্গীতে মজুমদার গ্রুপ আন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ উদ্বোধন
আশিকুর রহমান: ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে টঙ্গীতে বেলুন ও কবুতর উড়িয়ে ‘মজুমদার গ্রুপ আন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫’ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকাল তিনটায় টঙ্গীর ভাদাম এলাকার মজুমদার লজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন মজুমদার গ্রুপের চেয়ারম্যান সাইদুল হক মজুমদার।
অনুষ্ঠানের শুরুতে বিকাল ২:৩০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ২:৫০ মিনিটে ট্রফি উন্মোচন এবং ২:৫৫ মিনিটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। বিকাল ৩:০০ টায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচের কিক-অফ। উদ্বোধনী ম্যাচ খেলায় হারিকেন ও গ্ল্যাডিওর দলের মুখোমুখি লড়াইয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহা. সাজ্জাদ, উপ–ব্যবস্থাপনা পরিচালক এনাম মো. এসাস, এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগের প্রধান পাপলু রায় তালুকদার, সিনিয়র জিএম (অ্যাকাউন্টস) কামরুল হাসান এবং টেকনিক্যাল ডিরেক্টর জামাল আজম। এ ছাড়া মজুমদার গ্রুপের অন্যান্য কর্মকর্তা–কর্মচারী এবং স্থানীয় সামাজিক–রাজনৈতিক নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকদের মতে, খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি কর্মীদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করে। নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করাও এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য বলে জানান তারা।